কক্সবাজার টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বন্দিদশা থেকে মো. আমির (২৮) নামে এক যুবকে উদ্ধার করেছে এপিবিএন-১৬ সদস্যরা। র্যাবের সোর্স সন্দেহে তাকে বন্দি করে রাখে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) হতাহতের ঘটনা পরবর্তী রাত সাড়ে ১০টায় এপিবিএন-১৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার নেতৃত্বে অপহৃত মো. আমির হোসেনকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করা হয়। সে ব্লক-ডি চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর বাসিন্দা ইসলামের ছেলে আমির হোসেন। বর্তমানে সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে চিকিৎসাধীন সে।
এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন-১৬ এর কমান্ডার মো. হেমায়েত উল্লাহ বলেন, ৬ অক্টোবর রাতের হতাহতের ঘটনায় র্যাব কয়েকজনকে আটক করে। এ ঘটনায় চাকমারকুল থেকে আমির নামে এক রোহিঙ্গাকে র্যাবের সোর্স সন্দেহ করে ওই ক্যাম্পের একটি স্কুলে আটক করে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়।
এদিকে, একের পর সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ক্যাম্প পরিদর্শনে গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে। পরিস্থিতি এই ভালো, এই খারাপ অবস্থা বিরাজ করছে। গত ৬ দিনে ক্যাম্পে পৃথক সংঘর্ষের ঘটনায় টেকনাফের স্থানীয় দুইজনসহ ৮ জন খুন হয়েছেন।



0 Comments